আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী শহর শাখা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৪০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। সততা, দেশপ্রেম ও নৈতিক শিক্ষার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশ ও সমাজ গঠনে কাজে লাগাতে হবে। একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ গঠনে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দক্ষ মানবসম্পদ হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।