বিনোদন ডেস্ক: অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে সোচ্চার হয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তরুণ সমাজকে অনলাইন বেটিংয়ের ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ভিডিওতে শিহাব নামের এক যুবকের অভিজ্ঞতা তুলে ধরে চমক জানান, সহজে আয়ের আশায় মাত্র ১ হাজার টাকা দিয়ে বেটিং শুরু করেছিলেন ওই যুবক। পরে টাকা ফেরত পাওয়ার আশায় স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে একপর্যায়ে প্রায় ১০ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত হন তিনি।
চমক তার ভিডিওতে জেনারেল ইকোনমিক্স ডিভিশনের (জিইডি) ২০২৬ সালের একটি রিপোর্টের তথ্য উল্লেখ করে দাবি করেন, দেশে বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত। কার্যকর পদক্ষেপ না নিলে ২০২৭ সালের মধ্যে এ সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কার কথা তুলে ধরেন তিনি।
ভিডিওতে আরও দাবি করা হয়, বাংলাদেশে অনলাইন জুয়ার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩০ কোটি টাকা। এছাড়া ২০২৬ সালের একটি ডিবি তদন্তে একটি জুয়াড়ি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত হওয়ার কথাও উল্লেখ করেন অভিনেত্রী।
চমক বলেন, জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়; এটি ব্যক্তি, পরিবার ও সমাজের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তিনি অন্যান্য তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের সামান্য অর্থের বিনিময়ে বেটিং অ্যাপের প্রচারণা না করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অনলাইন জুয়ার সহজ আয়ের প্রলোভনে না পড়ে তরুণদের নিজেদের কাজ, দক্ষতা ও পরিশ্রমের ওপর নির্ভর করা উচিত।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছেন চমক। নেটিজেনদের অনেকে তার এই উদ্যোগকে সময়োপযোগী ও সামাজিকভাবে দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।