নিজস্ব প্রতিবেদক: চাকরিচ্যুত কর্মকর্তা পুনর্বহালসহ ছয় দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের শত শত কর্মকর্তা।
শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফৌজদার হাট ক্যাডেট কলেজ এলাকার সামনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধনে অংশ নেন ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা। পরে পৌনে ১২টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনরত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “আমাদের প্রায় ৪০০ জন কর্মকর্তাকে সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা চরম অসহায় অবস্থায় আছি।”
তিনি আরও বলেন, “চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল ও ওএসডি প্রত্যাহারসহ মোট ছয় দফা দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। দেশের মানুষ ও সরকারের কাছে আমাদের ন্যায্য দাবির কথা পৌঁছে দিতেই এই কর্মসূচি।”
ছয় দফা দাবিগুলো হলো:
১. বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল করতে হবে।
২. প্রহসনমূলক পরীক্ষা বর্জনের কারণে দেওয়া শাস্তিমূলক বদলি (পানিশমেন্ট ট্রান্সফার) বন্ধ করতে হবে।
৩. বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
৪. শর্ত আরোপ করে সব ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করতে হবে।
৫. চট্টগ্রামের কর্মকর্তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতনের তদন্ত করে দোষীদের শাস্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুনর্বহাল করতে হবে।
৬. পরীক্ষা বর্জনের ঘটনায় দায়ের করা সাধারণ ডায়েরি ও সাইবার ক্রাইম মামলা প্রত্যাহার করতে হবে।