ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত থাকবে। এ দিনই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদেশে উল্লেখ করা হয়, বুধবারের কার্যতালিকার শীর্ষে থাকবে ডাকসু নির্বাচনের শুনানি।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
এর আগে সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। রিট আবেদনটি করেছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।
হাইকোর্ট আদেশে বলা হয়, জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগ ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। তবে ওই আদেশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। স্বাধীনতার পর মাত্র সাতবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে।