জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব এবার পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। বর্তমানে ২১টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। এর সঙ্গে নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলে জানা গেছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, গত ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পবিপ্রবিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার তারিখ, সময়সূচি ও অন্যান্য বিষয় আগামী বৈঠকে চূড়ান্ত করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে ২১টিতে দাঁড়িয়েছে। পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়তে পারে।
১. ইসলামী বিশ্ববিদ্যালয় (IU), কুষ্টিয়া
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU), টাঙ্গাইল
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU), পটুয়াখালী
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU), নোয়াখালী
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (JKKNIU), ময়মনসিংহ
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST), যশোর
৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST), পাবনা
৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR), রংপুর
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১০. বরিশাল বিশ্ববিদ্যালয় (BU), বরিশাল
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RMSTU), রাঙ্গামাটি
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (RUB), সিরাজগঞ্জ
১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB), গাজীপুর
১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর
১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর
২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ
২১. লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর
২২. নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ
২৩. ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও
২৪. সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।