মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন ও তোফাজ্জল হোসেন খান তোফা, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, আফজাল হোসেন, মামুনুর রশীদ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এটি একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। আত্রাই উপজেলায় কোনোভাবেই বাল্যবিয়ে মেনে নেওয়া হবে না। বাল্যবিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোথাও বাল্যবিয়ের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান। একই সঙ্গে বাল্যবিয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।