নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে বিমা খাতের প্রতিষ্ঠান ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।
বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য মূল্য সংবেদনশীল তথ্য (পিএসই) হিসেবে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা। আগের বছর এ আয় ছিল ৩ টাকা ৪১ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪০ পয়সায়। আগের বছর যা ছিল ১ টাকা ৬০ পয়সা। এছাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৬২ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, আগামী ২৭ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই।