কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ও নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আনিসুর রহমান আনিসকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৩টা ১০ মিনিটে নাগেশ্বরী থানা এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আনিসুর রহমান নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা (ভাই ভাই মোড়) এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আনিস নাগেশ্বরী থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ১৭ অক্টোবর ২০২৫ তারিখে নাগেশ্বরী থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, ২০২৬ সালের ১৫ আগস্ট উপলক্ষে অটোরিকশাচালকদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। জিজ্ঞাসাবাদে আনিসুর রহমান জানিয়েছেন, তিনি দীর্ঘদিন রংপুরে আত্মগোপনে ছিলেন এবং ১৫ আগস্টের কয়েক দিন আগে রংপুরের মাহিগঞ্জ এলাকার একটি গ্রামে ওই খাবার বিতরণের ভিডিও ধারণ করেন। পরে ১৫ আগস্ট ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন।
নাগেশ্বরী থানার এক কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।