নিজস্ব প্রতিবেদক: কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে চাইলে মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, কোনো পরিবার চাইলে নিহত স্বজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয় সরকার বহন করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত ওই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের মাধ্যমে তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে পরিচয় নিশ্চিত করা হয়েছে।
নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তাঁর বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।
অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।