অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর প্রচেষ্টা চলছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট চিহ্নিত ফ্যাসিবাদী দল। অতীতে তারা বারবার আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন এনে দেশে কৃত্রিম সংসদ ও গণতন্ত্র দেখিয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদের যদি কোনোভাবে সমর্থন দেওয়া হয়, তাহলে তা সরকারের পক্ষ থেকে যেমন অগ্রহণযোগ্য, তেমনি জনগণ ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে আমি আশা করি।”
নূরের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দলের প্রধানের ওপর এভাবে হামলা আওয়ামী লীগ আমলেও হয়নি। যারা-ই জড়িত থাকুক না কেন, যেহেতু এটি অন্তর্বর্তী সরকারের সময় ঘটেছে, তাই এর সমাধান ও বিচার এই সরকারকেই করতে হবে।”
জাতীয় পার্টি নিষিদ্ধের প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি। তবে সরকার স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। “আজও মাননীয় প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত কিছু সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক দলগুলো ও জনগণের পক্ষ থেকে যে মতামত আসবে, সে অনুযায়ী সরকার বিবেচনা করবে,” বলেন আসিফ মাহমুদ।







