দৈনিক দেশকন্ঠ ডেস্ক: ঢাকার কয়েকটি এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের কারণে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজের জন্য আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া, গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকার আশপাশের এলাকাতেও সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।