আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। বাকি নিহতদের মধ্যেও বাংলাদেশি নাগরিক থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার রাত ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে হোটেল থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দায়ী করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, আগের সরকারের সময়ে শহর ও রাজ্যের বিভিন্ন অবকাঠামোতে যথাযথ সরকারি তদারকি ছিল না। অনেক হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুভেন্দু অধিকারী বলেন, মির্জা গালিব স্ট্রিটের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে তিনি ক্ষুব্ধ ও হতাশ। বর্তমানে উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের ওপর নজর রাখা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে শহর ও রাজ্যের বিভিন্ন অবকাঠামো যথাযথ সরকারি তদারকি ছাড়াই গড়ে উঠতে দেওয়া হয়েছে। অনেক ভবনে হোটেল ও অন্যান্য ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়া হলেও বাধ্যতামূলক নিরাপত্তাব্যবস্থার বিষয়টি উপেক্ষা করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের পর্যাপ্ত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।
সূত্র: এএনআই