নীলফামারী প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর জলঢাকায়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী–৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। বাংলা ভাষার সঠিক চর্চা ও বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।