আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, এসব স্থাপনা ইয়েমেন ও দেশটির জনগণের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ব্যবহৃত হচ্ছিল।
তবে হামলাটি ঠিক কখন সংঘটিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত সময় জানানো হয়নি।
সম্প্রতি ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘাত নতুন করে তীব্র হয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনীকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে সৌদি আরব।
হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আপাতত কোনো ব্যবস্থা নেবে না—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের অভিযানে মার্কিন হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে।
এর মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার কারণে হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরপথে তেল পরিবহনের সৌদির গুরুত্বপূর্ণ একটি রুট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদির তেল পাইপলাইনে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।