বিনোদন ডেস্ক: বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এবার আলোচনায় এসেছে সিরিজটির দ্বিতীয় সিজন। তবে নতুন মৌসুম আসছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের মধ্যে দ্বিতীয় সিজন নির্মাণ নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে সিরিজটির অন্যতম চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকীও কথা বলেছেন।
সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাল সিদ্দিকী জানান, প্রথম মৌসুমের কাজ তারা সফলভাবে শেষ করেছেন। দ্বিতীয় মৌসুম নির্মাণের আগ্রহ তাদেরও রয়েছে। বর্তমানে রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। আলোচনা ইতিবাচকভাবে এগোলে আবারও একই দলের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী।
পরিচালক হিসেবে আরিয়ান খানের কাজেরও প্রশংসা করেছেন বিলাল সিদ্দিকী। তাঁর ভাষায়, আরিয়ান পরিচালক হিসেবে অত্যন্ত সচেতন ও তীক্ষ্ণবুদ্ধির। তাঁর কাজের ধরন ও রসবোধও প্রশংসনীয়। চিত্রনাট্য তৈরির সময় গল্প উপস্থাপনার বিষয়ে দুজনের চিন্তাভাবনায় মিল থাকায় কাজ করাটা সহজ হয়েছিল বলেও জানান তিনি।
বিলাল বলেন, আরিয়ানের সঙ্গে তাঁর বোঝাপড়া ভালো থাকায় পর্দায় কাজের মানও ভালো হয়েছে।
হিন্দি চলচ্চিত্রশিল্পের ভেতরের নানা ঘটনা, তারকাদের জীবন ও বলিউডের নানা দিককে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছিল ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ। পরিচালনায় আরিয়ান খানের অভিষেক হিসেবে সিরিজটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।
তবে দ্বিতীয় সিজন নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত নেটফ্লিক্স কিংবা রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে সিরিজটির দ্বিতীয় মৌসুম কবে আসবে, আদৌ নির্মাণ হবে কি না—তা জানতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।