স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ভিন্ন এক আলোচনা। ঘানার এক তান্ত্রিকের ভবিষ্যদ্বাণীর জবাবে ‘আনুলো মুফা’ (Anulo Mufa) লিখে কুসংস্কার কাটানোর প্রচারণায় নেমেছেন আর্জেন্টাইন সমর্থকরা।
ঘানার আলোচিত তান্ত্রিক নানা কোয়াকু বোনসাম সম্প্রতি দাবি করেন, ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আফ্রিকার দল কেপ ভার্দে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করবে। তিনি আরও বলেন, তার ‘সমস্ত আধ্যাত্মিক শক্তি’ কেপ ভার্দের পক্ষে কাজ করবে।
ফুটবল নিয়ে এর আগেও নানা ধরনের ভবিষ্যদ্বাণী করা এই তান্ত্রিকের বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই আর্জেন্টিনার হাজারো সমর্থক ‘আনুলো মুফা’ লিখে পোস্ট করতে শুরু করেন।
আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল সংস্কৃতিতে ‘মুফা’ শব্দের অর্থ অপয়া, দুর্ভাগ্য বা কুফা। আর ‘আনুলো মুফা’র অর্থ—‘এই অপয়া বা নেতিবাচক ভবিষ্যদ্বাণী বাতিল।’
২০২২ কাতার বিশ্বকাপের সময় এই শব্দবন্ধটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রতিপক্ষকে ঘিরে কোনো নেতিবাচক মন্তব্য বা অশুভ ভবিষ্যদ্বাণী সামনে এলেই আর্জেন্টাইন সমর্থকরা ‘আনুলো মুফা’ লিখে তা প্রতীকীভাবে ‘বাতিল’ করার চেষ্টা করতেন।
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগেও সেই পুরোনো কুসংস্কারবিরোধী ‘সুরক্ষা কবচ’ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন মেসি-ভক্তরা। যদিও এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবু সমর্থকদের কাছে এটি এখন দলকে সমর্থনের এক জনপ্রিয় সাংস্কৃতিক রীতিতে পরিণত হয়েছে।