আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলার প্রতিশোধ নেওয়ার কথা জানিয়ে প্রতিবেশী সিরিয়ায় বিমান অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে চালানো এ অভিযানে তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
অভিযানের পর সিরিয়া-জর্ডান সীমান্তের গুরুত্বপূর্ণ নাসিব ক্রসিং বন্ধ করে দিয়েছে সিরিয়া। এতে দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন ব্যাহত হয়েছে।
জর্ডানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) জর্ডানের কারাক জেলার একটি গির্জায় বন্দুক হামলার জবাবে দক্ষিণ-পূর্ব সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে। ওই হামলায় অন্তত নয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছিলেন।
জর্ডানের সামরিক বাহিনীর দাবি, সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করেই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন এবং তাদের একাধিক যানবাহন ধ্বংস হয়েছে।
তবে জর্ডানের এ দাবি প্রত্যাখ্যান করেছে সিরিয়া। মঙ্গলবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, কোনো পূর্বসমন্বয় বা আগাম নোটিশ ছাড়াই এ সামরিক অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরুর কথাও জানিয়েছে সিরীয় কর্তৃপক্ষ।
চার স্থানে হামলা, নিহত একই পরিবারের পাঁচজন
সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় দেরা ও সুয়েদা প্রদেশের গ্রামীণ এলাকায় অন্তত চারটি স্থানে হামলা চালানো হয়। উদ্ধারকর্মীরা সাতজনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও তিনটি শিশু রয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। দেরা প্রদেশের আল-তাই গ্রামে একটি তাঁবুতে হামলায় ওই পরিবারের একজন পুরুষ, একজন নারী ও তিন শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
দ্বিতীয় হামলাটি হয় দেরআর আল-শাইয়াহ এলাকায়। সেখানে ৮০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। তৃতীয় হামলায় দেরআর আইন আল-বাসাল এলাকার মুজাইরিব অঞ্চলের একটি আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চতুর্থ হামলাটি চালানো হয় সুয়েদা প্রদেশের শাহবা শহরের একটি আবাসিক ভবনে। সেখানে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
সীমান্ত ক্রসিং বন্ধ, সিরিয়ার ক্ষোভ
জর্ডানের বিমান অভিযানের পর সিরিয়ার সীমান্ত কর্তৃপক্ষ নাসিব ক্রসিং বন্ধ করে দেয়। জর্ডান ও সিরিয়ার মধ্যে যাত্রী এবং বাণিজ্যিক পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের সীমান্ত যোগাযোগ ব্যাহত হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ অভিযানকে ‘বিশ্বাসঘাতকতামূলক আক্রমণ’ বলে অভিহিত করেছেন। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গির্জায় হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
এর আগে সোমবার গির্জায় হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই ভাই ও তাঁদের এক ভগ্নিপতিকে গ্রেপ্তার করে জর্ডানের নিরাপত্তা বাহিনী। আল-জাদিদা গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির পর তাঁদের আটক করা হয়।
জর্ডান সরকারের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সন্দেহভাজনরা গুরুতর আহত হয়েছেন।
গত ২৩ অক্টোবর রাজধানী আম্মান থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে কারাক শহরের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তিন বন্দুকধারী শোকাহত লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। ওই ঘটনায় অন্তত নয়জন নিহত হন।
ঘটনার পর জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ হামলাকারীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দেশের নিরাপত্তাব্যবস্থা পুনর্বিবেচনার নির্দেশ দেন তিনি।
কারাক শহরে উল্লেখযোগ্য খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস রয়েছে। জর্ডানের প্রায় ১ কোটি ১৫ লাখ জনসংখ্যার মধ্যে খ্রিস্টানদের সংখ্যা আনুমানিক তিন লাখ।