অনলাইন নিউজ: গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসে ভক্তদের মাঝে যে উন্মাদনা সৃষ্টি করেছিলেন, এবার সেই ঢেউ আবার আসতে চলেছে। এবার ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর।
তার আগমনের খবরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিশ্চিত করেছেন আহাদ রাজা মীর। তিনি একটি স্টোরি পোস্ট করে লিখেছেন, “হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে”, সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।
তবে কবে, কোথায়, কী উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন— সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
পাকিস্তানি টেলিভিশন নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ জনপ্রিয়। বিশেষ করে তাঁর অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য তিনি দেশে ব্যাপক পরিচিতি পান।
২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি আলোচনায় আসেন এবং সেরা অভিনেতা হিসেবে লাক্স স্টাইল অ্যাওয়ার্ড জেতেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, এবং সাম্প্রতিক হিট সিরিজ ‘মীম সে মহব্বত’।
ওয়েব সিরিজ জগতে তিনি অভিনয় করেছেন জনপ্রিয় সিরিজ ‘ধূপ কি দীওয়ার’-এ। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেছেন আহাদ রাজা মীর। তিনি বিবিসির মিনি সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’ এবং নেটফ্লিক্সের ‘রেসিডেন্ট ইভিল’-এর প্রথম সিজনে অভিনয় করেছেন।
অভিনয় জীবনের শুরু ২০১০ সালে, মাত্র ১৭ বছর বয়সে হাম টিভির রোমান্টিক ড্রামা ‘খামোশিয়ান’-এ ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে কানাডায় অবস্থানকালে তিনি মঞ্চে অভিনয়, নির্দেশনা ও লেখালেখিতেও যুক্ত ছিলেন।