স্পোটস রিপোর্টার: বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে পৌঁছেছে।
বিসিবি সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন বোর্ডের কাছে জমা দেয়। প্রতিবেদনে জাহানারা আলমের উত্থাপিত চারটি সুনির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযোগগুলোর মধ্যে দুটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির অভিযোগের ক্ষেত্রে প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, “কমিটি জাহানারা আলমের করা চারটি সুনির্দিষ্ট অভিযোগ পরীক্ষা করেছে। এর মধ্যে দুটি অভিযোগ পর্যাপ্ত প্রমাণের অভাবে প্রমাণিত হয়নি। বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে, বাংলাদেশ নারী দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলামের অনুপযুক্ত আচরণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তিভিত্তিক মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন শেষ হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তার কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্ট প্রণীত যৌন হয়রানি সংক্রান্ত গাইডলাইনের আলোকে ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র পর্যায়ে পড়ে। প্রতিবেদনের আলোকে বিসিবি জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের নিজস্ব বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বিসিবি সূত্র আরও জানায়, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তদন্ত প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন কমিটির মাধ্যমে তদন্ত পরিচালনা করা হয়। তিন দফায় সময় বাড়ানোর পর নির্ধারিত সময়সীমা অতিক্রম করে গত সোমবার বহুল আলোচিত এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়ে।