বিনোদন ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন কলকাতার জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। একসময় ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনায় থাকা এই জুটি দীর্ঘ বিরতির পর ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে কাজ করছেন।
শুধু অভিনয় নয়, ‘দেশু ৭’ দেবের ক্যারিয়ারে আরও একটি বিশেষ অধ্যায়। কারণ, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন তিনি।
বুধবার ‘দেশু ৭’-এর শুটিং শেষ হয়েছে। শুটিংয়ের শেষ দিন উপলক্ষে দেবের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে সিনেমাটির কাজের অভিজ্ঞতা এবং দেবের পরিচালনায় তার মুগ্ধতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী।
চিঠির শুরুতে শুভশ্রী লেখেন, ‘প্রিয় দেব, আজ ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। তাই ভাবলাম, আজই কথাগুলো লিখে ফেলি। আমরা দুজনই কমবেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তবে এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম।’
দেবের প্রথম পরিচালিত সিনেমায় কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে গিয়ে তোমাকে এবং তোমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখেছি। তোমার একেবারে অন্য একটি দিক আবিষ্কার করেছি।’
শুরুতে পরিচালক হিসেবে দেবের দক্ষতা দেখে কিছুটা ঈর্ষা হয়েছিল বলেও জানান শুভশ্রী। তিনি লেখেন, ‘সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষাই হচ্ছিল। পরিচালক হিসেবে তোমার ভিশন দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল, সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে চিত্রনাট্য আর নির্মাণ সম্পর্কে এত কিছু শিখে ফেললে কখন? কীভাবে এতটা আয়ত্ত করলে?’
তবে সিনেমাটির কাজ যত এগিয়েছে, সেই অনুভূতি বদলে গেছে বলে জানান অভিনেত্রী। তার ভাষায়, ‘সিনেমাটির যাত্রা যত এগিয়েছে, ঈর্ষার চেয়ে তোমার প্রতি অনুপ্রেরণাটাই বেশি অনুভব করেছি।’
দেবের সঙ্গে এই সিনেমার অংশ হতে পেরে আনন্দিত শুভশ্রী। তিনি আরও লেখেন, ‘তোমার সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। মন থেকে বিশ্বাস করি, ‘দেশু ৭’ মুক্তির পর আমাদের ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের নির্মাতাকে পাবে; যিনি শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলবেন এবং একই সঙ্গে সাধারণ দর্শকদের বিনোদন দিতে জানবেন।’
দেবকে নিয়ে গর্ব প্রকাশ করে শুভশ্রী বলেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা। তুমি দারুণ কিছু করে দেখাবে—এটা নিশ্চিত।’
‘দেশু ৭’ সিনেমায় দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।