ক্রীড়া প্রতিবেদক: হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এরপর প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে ফেলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে লিড নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে তারা।
তবে দ্বিতীয় দিনে জিম্বাবুয়েকে দ্রুত আটকে দিতে চায় বাংলাদেশ। টাইগার ব্যাটার মুমিনুল হক জানিয়েছেন, স্বাগতিকদের আর ১০০ রানের মধ্যেই থামাতে পারলে সেটি দলের জন্য ভালো হবে।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, “জিম্বাবুয়ে আমাদের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে। ১ উইকেট হারিয়ে তারা আমাদের রানের কাছাকাছি চলে এসেছে। যদি তাদেরকে আর ১০০ রানের মধ্যে থামাতে পারি, তাহলে দারুণ হবে।”
বাংলাদেশের বোলিং পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আমরা তিন পেসার ও একজন স্পিনার নিয়ে খেলছি। আমার মনে হয়, এটা ভালো কম্বিনেশন।”
নিজেদের বোলিংয়ের ভুল তুলে ধরে মুমিনুল বলেন, “আমাদের বোলাররা স্টাম্প বরাবর বল করতে পারেনি, কিছুটা এলোমেলো বল করেছে, তাই রান দিয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ের বোলাররা সঠিক জায়গায় বল করেছে বলেই তারা সফল হয়েছে।”
জিম্বাবুয়ের তরুণ পেসার নিউম্যান নিয়ামহুরির প্রশংসা করে মুমিনুল বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে মানেই তার ভালো সামর্থ্য রয়েছে। এ ধরনের বোলারদের মোকাবিলা করতেই হবে।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে মুমিনুল হক ৬০, সাদমান ইসলাম ২০ ও নাজমুল হোসেন শান্ত ১৯ রান করেন। শেষ পর্যন্ত ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
জবাবে প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১৩৬ রান। বেন কারান ৪২ রানে আউট হলেও ইনোসেন্ট কাইয়া ৭৬ রানে অপরাজিত আছেন। এখন ৯ উইকেট হাতে রেখে বাংলাদেশের চেয়ে মাত্র ৪ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।