আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে শিশু দুটি পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা মৃত আলহাজ্ব ও মোছা. বিলকিস বেগমের এই দুই সন্তানকে ‘সুজন’ নামে এক ব্যক্তি আত্রাইয়ে নিয়ে আসেন। পরে তিনি কৌশলে শিশু দুটিকে আত্রাই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান বলে জানা গেছে।
স্টেশন এলাকায় শিশু দুটিকে কান্নাকাটি ও ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা শিশু দুটির কাছে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেন। তবে তারা মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া নিজেদের ঠিকানা কিংবা পরিবারের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেনি। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে যান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে সম্পূর্ণ নিরাপদে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের পরিচয় শনাক্ত করে খুঁজে বের করতে পুলিশের আইনগত কার্যক্রম ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, কেউ শিশু দুটির পরিবার বা স্বজনদের চিনে থাকলে কিংবা তাদের পরিচয় ও ঠিকানা সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত আত্রাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
শিশু দুটির পরিবারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।