অনলাইন নিউজ: ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে স্বাগতিক বাংলাদেশ শুভসূচনা করতে পারেনি। মালয়েশিয়ার বিপক্ষে ০-১ গোলে হেরেছেন আফিদা খন্দকাররা। এই হারে বাংলাদেশের ফুটবলারদের ব্যর্থতার চেয়ে ব্রিটিশ কোচ পিটার বাটলারের একগুঁয়ে হাই লাইন তত্ত্বই অনেকাংশে দায়ী!
বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার হাই লাইন ডিফেন্স তত্ত্বে বিশ্বাসী। থাইল্যান্ডে তার এই কৌশলের জন্য বাংলাদেশ দুই ম্যাচে আট গোল হজম করেছিল। ফলে সেই কৌশল নিয়ে অনেক সমালোচনা হলেও নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন বাটলার। আজ সেই হাই লাইন ডিফেন্সের কারণেই মালয়েশিয়া একমাত্র জয়সূচক গোলের সুযোগ পেয়েছে।
হাই লাইন তত্ত্ব অনুসারে– বাংলাদেশের ডিফেন্ডাররা কিক অফ লাইনে অবস্থান করেন। ফলে প্রতিপক্ষ খুব সহজেই ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে কিংবা জোরালো থ্রু বল দিয়ে রক্ষণ ভেদ করতে পারে। এরকম এক আক্রমণে প্রথমার্ধে মালয়েশিয়ান ফরোয়ার্ড নুর আনিশা গোল করেছেন। গোলরক্ষক রুপ্না চাকমা পোস্ট ছেড়ে বেরিয়ে গেলেও বলের লাগাল পাননি। দারুণ দক্ষতায় নুর আনিশা বাংলাদেশের জালে বল পাঠান।