দেশব্যাপী নানা আয়োজনে পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেন, “জনগণের অধিকার আদায়, দুঃখ-কষ্ট লাঘব, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার জন্যই জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।”
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিএনপি ১৬ সদস্যের একটি জাতীয় উদ্যাপন কমিটি গঠন করেছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
দলটি এ উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে “বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সারা দেশে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আগামীকাল ২ সেপ্টেম্বর নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় র্যালি বের করা হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া, দিনটি ঘিরে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার প্রকাশ, গোলটেবিল বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।