নিজস্ব প্রতিবেদক: ইউনিসেফ বাংলাদেশ-এর আমন্ত্রণে তাদের ঢাকা অফিসে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশে শিশুদের ভবিষ্যৎ, স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও করণীয়’ শীর্ষক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। শিশুদের অধিকার নিশ্চিতকরণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এ সভার আয়োজন করে ইউনিসেফ।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অংশগ্রহণ করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, যিনি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শিশির মনির।
ইউনিসেফের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্স। শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সুরক্ষায় নীতি-সহায়তা ও সম্ভাব্য সহযোগিতা নিয়ে উভয় পক্ষই গঠনমূলক মতবিনিময় করেন।
সভায় বাংলাদেশে শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, প্রয়োজনীয় নীতি-সংস্কার এবং ইউনিসেফের চলমান উদ্যোগগুলো তুলে ধরা হয়। প্রতিনিধি দল শিশু অধিকার রক্ষায় সম্ভাব্য ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।