জ্যেষ্ঠ প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে গঠনমূলক কাজে যুক্ত হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দলের মধ্যে হয়তো দু-একজন অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন। তাদের উদ্দেশে বলতে চাই, ৫ আগস্টের পর আপনারা দেখেছেন, দলের চেয়ারম্যান কতটা কঠোরভাবে যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তাই কেউ অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন না। গঠনমূলক কাজে থাকবেন এবং দলকে শক্তিশালী করবেন।
তিনি বলেন, দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর চিন্তা করলেও তা বাস্তবায়ন করতে পারবে না।
দল পরিচালনা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে সংগঠন পরিচালনা করতে হবে। দলের চেয়ারম্যানের নির্দেশনায় যে সাংগঠনিক কার্যক্রম চলছে, তা যথাযথভাবে সম্পন্ন ও সংগঠিত করার দিকেই তিনি কাজ করবেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, স্থানীয় পর্যায়ে দলের ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন।
তিনি বলেন, বর্তমানে নানা ধরনের অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। এর মধ্যেও বিভিন্ন জরিপে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি বলে দাবি করা হয়েছে।
রিজভীর ভাষ্য অনুযায়ী, এসব জরিপে বিএনপির জনপ্রিয়তা প্রায় ৫৪ থেকে ৫৬ শতাংশ এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৬৫ থেকে ৬৬ শতাংশের মতো। তিনি বলেন, জনগণের পক্ষে ও জনগণের স্বার্থে কাজ করলে সেই দলের সরকার কখনো ব্যর্থ হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।