আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং দেশটি থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারতের চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞার আওতায় পড়া ভারতীয় কোম্পানিগুলো হলো— পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাক্রুতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এসব কোম্পানি ইরান থেকে পণ্য আমদানি, মজুত, স্থানান্তর ও বিক্রির পাশাপাশি ইরানকে তেল রপ্তানিতে সহযোগিতার মতো বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করেছে, তার অংশ হিসেবে ইরানের সামরিক বাহিনী ও জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় চার কোম্পানির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানের সঙ্গে চুক্তি না হওয়ায় কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে এই অভিযান হবে নজিরবিহীন মাত্রার এবং এর মাধ্যমে দেশটিকে আন্তর্জাতিক অঙ্গন থেকে ব্যাপকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্য রয়েছে।
ইরানের সঙ্গে সহযোগিতাকারী দেশগুলোকেও সতর্ক করে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, কোনো দেশ তার অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমানবন্দর বা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানকে সহযোগিতা করলে তাদেরও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।
ইরানের তেল পাচার, পণ্য বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন ও ভুয়া কোম্পানির মাধ্যমে কার্যক্রম পরিচালনার মতো বিষয়গুলোও বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি।
সূত্র: এএনআই