বিনোদন ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রিয় দলের এমন অপ্রত্যাশিত বিদায়ে কষ্ট পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও। তবে দলের ব্যর্থতার পরও জার্মানির প্রতি নিজের ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
জার্মানির হারের পর নিজের ফেসবুকে জার্মানির জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন স্পর্শিয়া। ছবিতে সাদা রঙের জার্মানির হোম জার্সি ও নীল জিন্স পরা অবস্থায় দেখা যায় তাকে। পোস্টের ক্যাপশনে প্রিয় দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী।
স্পর্শিয়া লেখেন, “হারো, ভালো খেলে হারো? হারো, বড় টিমের কাছে হারো? এভাবেই হতাশ করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।”
তিনি আরও বলেন, জার্মানি একদিন আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে। আগের মতো শক্তিশালী প্রজন্মের মতো দলটি আবারও সাফল্যের ধারায় ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্পর্শিয়া লেখেন, “একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই।”
উল্লেখ্য, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি।