নিজস্ব প্রতিবেদক: নারীদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রদান এবং দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি স্বৈরাচারী শাসনের সহযোগী একটি রাজনৈতিক দলের নেতার প্রকাশ্য বক্তব্যে নারীদের বিরুদ্ধে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এর পাশাপাশি দেশজুড়ে নারী নির্যাতন, ধর্ষণ, হয়রানি ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
তারা আরও বলেন, গত কয়েক বছরে নারীদের ওপর সংঘটিত সহিংসতা, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, প্রকাশ্যে লাঞ্ছনা এবং বিচারহীনতার সংস্কৃতি নারীদের জীবনকে চরম অনিরাপদ করে তুলেছে। এসব ঘটনার দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রশাসন।
ছাত্রশিবির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, নারীদের প্রতি এ ধরনের ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা রাষ্ট্রের ব্যর্থতাকেই প্রমাণ করে। তারা স্পষ্ট করে বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশ ও জাতির ভবিষ্যৎও নিরাপদ থাকবে না।
বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার হলেও তা কখনোই নারীদের অবমাননা বা সহিংসতার উসকানি হতে পারে না। এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
শেষে ছাত্রশিবির নেতৃবৃন্দ নারীদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের সহিংসতা ও নিপীড়নের ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।