আন্তর্জাতিক ডেস্ক: গত জুলাইয়ে ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে ফের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রোববার এক বিবৃতিতে দলটির নেতারা এ হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে সিজেপি জানিয়েছে, ভারতের যুবসমাজকে নরেন্দ্র মোদি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা অবশ্যই পূরণ করতে হবে। এ বিষয়ে সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছে দলটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ আন্দোলন শেষ করার জন্য সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, আন্দোলন শেষ হওয়ার পর সেগুলো বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নেয়নি। যুবসমাজের সঙ্গে এমন আচরণকে তারা অপমানজনক বলে উল্লেখ করেছে।
সিজেপির দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়েও সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। আদালতের নির্দেশের পরও এ বিষয়ে প্রয়োজনীয় তালিকা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে বারবার গড়িমসি বা কোনো ধরনের অবহেলাকে দেশের যুবসমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করবে সিজেপি।
এ ছাড়া জাতীয় পর্যায়ের মেডিকেল কলেজে ভর্তির সমন্বিত পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে দলটি।
এসব দাবি দ্রুত পূরণ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। একই সঙ্গে আসন্ন কর্মসূচির জন্য দেশবাসী ও যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে সিজেপি দাবি করেছে, তাদের আন্দোলনের পর ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে যুবসমাজকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবে না তারা।
এর আগে যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে আন্দোলন করেছিল সিজেপি। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল তাদের অন্যতম প্রধান দাবি। ২৫ জুলাই তাঁর পদত্যাগের পর আন্দোলন শেষ করে দলটি।
এরপর গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করে সিজেপি। গ্রামীণ সরকারি স্কুলগুলোর অবকাঠামোগত উন্নয়নই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে দলটি।
সেদিন মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরিতে নিজের গ্রামে কর্মসূচিটির ঘোষণা দেন দলটির নেতা অভিজিৎ দীপকে। পরে লাতুরের একটি সরকারি স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
এ অবস্থায় কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে আবারও রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সিজেপি।
সূত্র: হিন্দুস্তান টাইমস