নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গুমের বিষয়ে সংসদে সমাধান করতে পারলে তাদের লং মার্চে যেতে হতো না। সরকারই তাদের রাজপথে নামতে এবং লং মার্চ করতে বাধ্য করেছে।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘লড়াইটা অনেক আগে শুরু হয়েছে। এই লড়াই বাংলায় শহীদ তিতুমীরের লড়াই, হাজী শরীয়তুল্লাহর লড়াই, বাংলাদেশে মওলানা ভাসানীর লড়াই। সেই লড়াইয়ের একজন অংশীজন হিসেবে আজ আমরা ঐতিহাসিক লং মার্চের যাত্রায় জাতীয় সংসদের সামনে উপস্থিত হয়েছি।’
তিনি বলেন, সরকার প্রশ্ন করছে কেন তারা লং মার্চ করছেন। এ বিষয়ে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের মানুষের সামনে সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করেছেন। সরকার যদি তাদের ৮ দফা দাবি পড়তে সক্ষম না হয়, তাহলে সরকারকে তা বোঝাতে তারা প্রস্তুত রয়েছেন।
এনসিপির এই নেতা বলেন, ‘গতকাল আমরা এখানে একটি কর্মসূচি পালন করেছি। যেখানে সালাহউদ্দিন ভাই থেকে ইলিয়াস আলী গুম হয়েছেন। কিন্তু সরকার গুমের বিষয়ে সংসদে কালো আইন পাস করেছে। এর প্রতিবাদে আমাদের ১১ দলীয় জোট ও বিরোধীদলীয় নেতারা সংসদে কালো কাপড় বেঁধে কালো দিবস পালন করেছেন। একই সঙ্গে সংসদ থেকে ওয়াকআউট করে সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’
তিনি আরও বলেন, সরকার প্রশ্ন তুলেছে—সংসদে আলোচনা হলে লং মার্চ কেন? সংসদে যদি গুমসহ অন্যান্য সমস্যার সমাধান করা যেত, তাহলে তাদের লং মার্চে নামতে হতো না। সরকারই তাদের রাজপথে নামতে এবং লং মার্চ করতে বাধ্য করেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ওসমান হাদির বিচার, মানবাধিকার রক্ষা, গুমের কালো আইন, সাইবার সিকিউরিটি আইন এবং এসআরবি বিলুপ্তকরণসহ বিভিন্ন দাবিতে তাদের আন্দোলন চলছে। তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ নিরসন এবং বাংলাদেশের মানুষের আজাদির জন্য যতদিন তারা জীবিত থাকবেন, ততদিন লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘সেখানে তারেক রহমান আছেন না অন্য কোনো ফ্যাসিবাদীর দোসর আমাদের সামনে আছেন, আমাদের তোয়াক্কা করার প্রয়োজন নেই।’
ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লং মার্চ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজাদীর মিছিল সিলেটে যাবে। আজাদীর মিছিল বাংলাদেশের প্রতিটি ঘরে যাবে।’
এ সময় তিনি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান এবং বলেন, লাখো-কোটি মানুষ আবার রাজপথে বেরিয়ে এসে তাদের দাবি তুলে ধরবে।