ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম আবারও সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি সেপ্টেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, নতুন সমন্বিত মূল্য অনুযায়ী এখন থেকে ১২ কেজি সিলিন্ডার ভোক্তাদের কিনতে হবে ১ হাজার ২৭০ টাকায়। আগে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। নতুন এ দাম একইদিন সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।
এর আগে আগস্ট মাসে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম এক ধাক্কায় ৯১ টাকা কমানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৬৪ টাকা থেকে কমে দাঁড়ায় ১ হাজার ২৭৩ টাকায়। একই সঙ্গে অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে লিটারপ্রতি ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়।
চলতি বছরের জুন মাসেও ভোক্তাদের জন্য গ্যাসের দাম হ্রাস করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা থেকে নামিয়ে আনা হয় ১ হাজার ৪০৩ টাকায়। পাশাপাশি অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা করা হয়েছিল। নতুন ওই দাম কার্যকর হয় ১ জুন থেকে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম ওঠানামা করায় প্রতি মাসেই নতুন মূল্য সমন্বয় করা হয়। এতে ভোক্তারা যেমন স্বস্তি পান, তেমনি বাজারও একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে থাকে।