ক্রীড়া প্রতিবেদক: দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর শুরু হয়েছে আজ শনিবার। জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকায় শুরুতে তাদের ছাড়াই মাঠে গড়িয়েছে এবারের প্রতিযোগিতা।
এবারের আসরে অংশ নিচ্ছে আটটি বিভাগীয় দল। মোট ২৮ ম্যাচে প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ।
উদ্বোধনী দিনে মিরপুরে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও ঢাকা বিভাগ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলছে খুলনা ও বরিশাল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী।
অন্য ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের বিপক্ষে মাঠে নেমেছে ময়মনসিংহ।
মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী, বগুড়া ও কক্সবাজারের বিভিন্ন মাঠেও এবারের এনসিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এবং পরবর্তী ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ফলে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসসহ জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ছাড়াই শুরু হয়েছে এবারের এনসিএল।