আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আঞ্চলিক একাধিক সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে এ অভিযান শুরু হতে পারে।
সূত্রগুলো বলছে, লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে হুথিদের সরিয়ে দেওয়াই অভিযানের অন্যতম লক্ষ্য। একই সময়ে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে অভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে।
অভিযানে ইয়েমেনের স্থলবাহিনী প্রধান ভূমিকা পালন করবে। সৌদি আরবের সামরিক বাহিনী বিমান হামলা পরিচালনা করবে বলে জানিয়েছে সূত্রগুলো। যুক্তরাষ্ট্র সৌদিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলেও দাবি করা হয়েছে। কিছু আরব ও ইউরোপীয় দেশ প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে বলে সূত্রের ভাষ্য।
তবে সৌদির কোনো মিত্র সরাসরি সামরিক অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখল করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর হুথিদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেন সরকারের পক্ষে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা বেড়েছে।
রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, হুথিদের সাম্প্রতিক দখল করা লোহিত সাগরের উপকূলীয় এলাকাগুলোও সৌদি অভিযানের সম্ভাব্য লক্ষ্য হতে পারে।
সূত্র: রয়টার্স