মোঃ মামুন হোসাইন, পটুয়াখালী: ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার সকালে পটুয়াখালী বাস টার্মিনালসংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙা-কুয়াকাটা মহাসড়ক দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটা এবং পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই সড়কের সরাসরি সম্পর্ক রয়েছে।
বক্তারা বলেন, বর্তমানে সড়কটিতে যানবাহনের চাপ আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটছে। পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির বিকাশে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা জরুরি।
তারা আরও বলেন, সড়কটি ৬ লেনে উন্নীত করা হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার উদ্যোগ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।