মো. আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, একটি উন্নত ও শান্তিপূর্ণ উপজেলা গড়তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন যেকোনো পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তিনি বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও চোরাচালানের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
ইউএনও আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
সভায় বক্তব্য দেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, মো. নাজিমুদ্দিন, আফজাল হোসেন, সম্রাট হোসেন, মামনুর রশিদ, তোফাজ্জল হোসেন খান তোফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা আত্রাই উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।