আন্তর্জাতিক ডেস্ক: ওমানের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই এ হামলা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানায়, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাংকারে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে নতুন সতর্কবার্তা
ইরান পুনরায় সতর্ক করে বলেছে, দেশটির সামরিক কর্তৃপক্ষ নির্ধারিত নৌপথ অনুসরণ না করলে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের জাহাজের নিরাপত্তার দায়ও নেবে না তেহরান।
সেন্টকমের বিবৃতি ঘিরে উত্তেজনা
মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত এক নিরাপত্তা সংলাপে হরমুজ প্রণালিতে অবাধ বাণিজ্যিক নৌচলাচল নিশ্চিত করার অঙ্গীকারের কথা জানায়। এর জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি যুক্তরাষ্ট্রের উপস্থিতির সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি সামরিক হস্তক্ষেপ নয়, বরং আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ক্রমেই বাড়ছে হামলার সংখ্যা
মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে অন্তত ৮৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর ও পানামার পতাকাবাহী জাহাজেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে ইরানকে দায়ী করা হয়েছে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যে প্রভাব
বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ এ পথ ব্যবহার করলেও বর্তমানে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সর্বশেষ তথ্যে বুধবার ৪৫টি এবং মঙ্গলবার ৩৪টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।
সূত্র: আল জাজিরা