জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) একনেক সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।
অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে সংস্থান থাকবে ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ এবং ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতুসমূহের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাট সদর উপজেলাকে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণে দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
এছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতায় গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা জোরদারে পৃথক প্রকল্প অনুমোদন করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতেও দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ প্রকল্প রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদনের তালিকায় রয়েছে।
এদিকে, পরিকল্পনামন্ত্রী কর্তৃক পূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও নয়টি প্রকল্প সম্পর্কে বুধবারের একনেক সভায় কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।