বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব এই তারকা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন তিনি।
ছবিগুলোতে পূর্ণিমাকে দেখা গেছে নান্দনিক জামদানি শাড়িতে। খোঁপায় ফুলের সাজ, সঙ্গে স্নিগ্ধ মেকআপ ও মায়াবী অভিব্যক্তি—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া।
ছবি প্রকাশের সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’ তার এই ক্যাপশনও অনুসারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্যে অভিনেত্রীর নতুন লুকের প্রশংসা করেন। কেউ তার সৌন্দর্যের রহস্য জানতে চেয়েছেন, আবার কেউ জানিয়েছেন দীর্ঘদিনের পছন্দের তারকা হিসেবে পূর্ণিমার প্রতি তাদের মুগ্ধতার কথা।
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এরপর দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।
সময় গড়ালেও পূর্ণিমার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতিও নিয়মিতই অনুসারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।