বিনোদন ডেস্ক: রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া শেহনাজ গিল এখন অভিনয় ও গানের পাশাপাশি নানা মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। তাকে ঘিরে গুজব, ট্রল কিংবা নেতিবাচক খবর নিয়েও অবশ্য খুব একটা বিচলিত নন এই অভিনেত্রী। বরং নিজের স্বভাবসুলভ রসিকতায় বিষয়গুলো সামলান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিষয়ে প্রকাশিত নেতিবাচক খবর প্রসঙ্গে শেহনাজ বলেন, এসব খবরের উদ্দেশ্য তিনি বুঝতে পারেন—ভিউ পাওয়া। ভালো খবর দিয়ে যদি পাঠকের দৃষ্টি আকর্ষণ করা কঠিন হয়, তাহলে চমকপ্রদ বা নেতিবাচক শিরোনাম ব্যবহার করা হয়।
তার ভাষায়, তিনি কোনো কথা ভুল বললে সেটিই যদি শিরোনাম হয়, তাহলে তিনি শুধু প্রার্থনা করেন—তার কারণে যেন সংশ্লিষ্টদের কিছু ভিউ হয়।
শেহনাজ জানান, জনপ্রিয় হওয়ার পর তাকে কীভাবে কথা বলতে হবে, হাঁটতে হবে কিংবা সংবাদমাধ্যমের সামনে আচরণ করতে হবে—এমন নানা পরামর্শ দেওয়া হয়েছে। তবে অন্যের নির্দেশে নিজেকে বদলাতে চাননি তিনি।
অভিনেত্রীর ভাষ্য, ‘তুমি যা, সেটাই থাকো। নিজেকে সত্যি করে তুলে ধরতে পারলে মানুষ তোমাকে গ্রহণ করবে।’
নিজের স্বাভাবিক আচরণ নিয়ে একটি মজার ঘটনাও শেয়ার করেন শেহনাজ। বিমানবন্দরে দুই ব্যক্তি আলাদাভাবে তাকে জানান, তারা শেহনাজ ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা করতে চান। কারণ হিসেবে তারা দুজনের স্বাভাবিকতা ও নিজের ভাষার প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেন। বিষয়টি শেহনাজের কাছে বিশেষ মনে হয়েছে।
অভিনেত্রী বলেন, মানুষ যখন তার জীবনের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান বা তার যাত্রা থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা জানান, তখন সেটিই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বলেন, এত ভালোবাসা পাওয়ার পর কখনো কখনো নিজের কাছেই মনে হয়—‘নিশ্চয়ই আমি কিছু একটা ঠিক করেছি।’
বর্তমানে হিন্দি ও পাঞ্জাবি বিনোদনজগতে কাজ করছেন শেহনাজ গিল। সামাজিক মাধ্যমেও তার বড় অনুসারী রয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি সিনেমা ‘সিং বনাম কৌর ২’।