বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’ মুক্তির পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ সিনেমাটিকে অ্যাকশন ও বিনোদনে ভরপুর ‘ম্যাস এন্টারটেইনার’ বলছেন, আবার কেউ চিত্রনাট্য ও চরিত্রায়নের সমালোচনা করছেন।
এপিসোডিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলার ঘরানার সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে নানা মতামত প্রকাশ করছেন দর্শকেরা।
একাংশের মতে, সন্দীপ কিষানের অভিনয়, অ্যাকশন দৃশ্য ও ইন্টারভ্যালের উপস্থাপনা সিনেমাটির অন্যতম আকর্ষণ। জেসনের নির্মাণে বিনোদনের উপাদানও দর্শকদের একটি অংশের প্রশংসা পেয়েছে।
তবে অন্য একটি অংশের দর্শক চিত্রনাট্য ও চরিত্রায়ন নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, সিনেমার কিছু দৃশ্য আকর্ষণীয় হলেও গল্প ও নির্মাণে নতুনত্বের ঘাটতি রয়েছে।
এদিকে কমলা সিনেমাসে প্রথম দিনের প্রথম শো চলাকালে জেসনকে উৎসাহ দিতে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেক্ষাগৃহে বড় পর্দায় বাবা থালাপতি বিজয়ের ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন জেসন।
লাইকা প্রোডাকশন্সের ব্যানারে সুবাস্করণ প্রযোজিত ‘সিগমা’য় সংগীত পরিচালনা করেছেন থমন এবং চিত্রগ্রহণ করেছেন কৃষ্ণন বসন্ত। সিনেমাটি ইউ/এ সেন্সর ছাড়পত্র পেয়েছে।